বাড়িতে ব্লাড প্রেশার মাপা
কিছু অজানা টিপস
🩺 রক্তচাপ মাপা হয় কেন?
উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আপনার কিডনি সহ আপনার শরীরের অর্গ্যানগুলোর ক্ষতি করতে পারে। এমনকি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কারণও হতে পারে। আপনার ব্লাড প্রেশার একটি সুরক্ষিত লেভেল পর্যন্ত রাখা দরকার যাতে নানা সমস্যার ঝুঁকি এড়ানো যায়।
মানুষ যখন তাদের ডাক্তারের কাছে যায় বা হাসপাতালে আসে, তখন তারা ‘হোয়াইট কোট হাইপারটেনশন’ (নার্ভাস বা দুশ্চিন্তা থেকে) ভোগে। নার্ভাস থাকলে অ্যাড্রেনালিন বেশি বের হয়। অ্যাড্রেনালিন ব্লাড প্রেশার বাড়ায় এবং ভুলভাল রিডিং দেয়। ক্ষণিকের জন্য এই প্রেশার বেড়ে তাই হাসপাতালের ব্লাড প্রেশার রিডিং প্রায়শই ভুল হয়ে যায়।
বাড়িতে নিয়ম অনুযায়ী ব্লাড প্রেশার পরীক্ষা করলে সাধারণত তা বাস্তবের গড় দেখায় এবং ভালো পরিমাপ পাওয়া যায়, যা একজন ডাক্তারকে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে সাহায্য করে।
📋 বাড়িতে কীভাবে মাপব ব্লাড প্রেশার?
সবচেয়ে নির্ভুল ফলাফল পাওয়ার জন্য দিনে দুবার ব্লাড প্রেশার রিডিং নিন এবং সেই রিডিং একটা ডায়েরিতে নিয়মিত লিখুন।
আপনার ব্লাড প্রেশার মাপার জন্য সকাল এবং সন্ধ্যা সবচেয়ে আদর্শ সময়। ডাক্তারের কাছে পরের অ্যাপয়েন্টমেন্টের এক সপ্তাহ আগে থেকে এই ধরনের প্রেশার মেপে ডায়েরি মেন্টেন করুন।
আপনার হাতে যদি ডায়ালাইসিস ফিস্টুলা বা গ্রাফ্ট থাকে, তবে আপনার সেই হাতে চাপ দিয়ে ব্লাড প্রেশার মাপবেন না। ব্রেস্ট ক্যান্সার সার্জারি হয়ে থাকলে, সেইদিকের হাতে ব্লাড প্রেশার মাপার আগে সার্জনের কাছে পরামর্শ করে নিন।
পরিমাপের ধাপগুলো
আপনার ওষুধ নেবার পরে (যদি ব্লাড প্রেশারের জন্য ওষুধ নেন), অন্তত পাঁচ মিনিটের জন্য স্থিরভাবে বসে তারপর ব্লাড প্রেশার মাপুন।
আপনার উপরের হাতে বা বাহুতে কাফ রাখুন। বাঁধার পর আপনার হাতের সরু আঙুল কাফ আর আপনার বাহুর ভেতরে জাস্ট ঢোকে, এমন টেস্ট করুন। খুব টাইট বা খুব ঢিলে বাঁধলে ভুল রিডিং আসবে।
আপনার বাহু রিল্যাক্স করে এবং আপনার হাঁটু, চেয়ারের হাতলে বা কাছাকাছি টেবিলে আপনার হাত রেখে মাপ নিন।
ব্লাড প্রেশার মেশিনের বোতাম টিপুন যাতে কাফটি ফুলে যায় এবং কথা না বলে শান্তভাবে বসুন, কথা বললে ভুলভাল রিডিং আসতে পারে।
যা ফলাফল আসবে সেটি নোট করে রাখুন।
আপনি যদি অপ্রত্যাশিত বেশি রিডিং দেখতে পান, তবে শঙ্কিত হবেন না। একবার বেশি রিডিং হলে সাধারণত চিন্তা করার কিছু নেই। অন্য সময়ে আবার আপনার ব্লাড প্রেশার মাপুন। যদি সব সময় আপনার হাই ব্লাড প্রেশার মেশিনে দেখায়, তবে এই বিষয়ে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবিলম্বে পরামর্শ করুন।
🗓️ কীভাবে রেকর্ড করব ব্লাড প্রেশার রিডিং?
একটি পরিষ্কার ব্লাড প্রেশারের ডায়েরি মেন্টেন করলে আপনার ডাক্তারের পরবর্তী চিকিৎসা ও ওষুধ আপনার কী হবে, তা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যেকোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে আপনার সেই ব্লাড প্রেশারের ডায়েরিটি আনতে হবে।
আপনি যদি বিনামূল্যে ব্লাড প্রেশারের ডায়েরি চান, তাহলে নীচে কমেন্টে লিখুন। আমরা পাঠিয়ে দেব। যদি আপনার কাছে স্মার্ট ফোন বা ট্যাবলেটে রেকর্ডার থাকে, তবে আপনি সেখানেও আপনার ব্লাড প্রেশারের রিডিং নোট করে রাখতে পারেন।
🔬 কোথায় পাব ব্লাড প্রেশার মাপার মেশিন?
মেশিনগুলো অনলাইনে, শপিং মল এবং ফার্মেসিতে সব জায়গায় সহজেই পাওয়া যায়। এগুলোর দাম প্রায় ১৫০০ টাকা থেকে শুরু হয়। কোনো মেশিনই ১০০% ঠিক নয়। সুতরাং বেশি দামি মডেল কেনার দরকার নেই, তবে এটা দেখে নিন যে আপনার মেশিন আপনার কনুইতে যেন ব্লাড প্রেশার মাপে, আপনার কব্জিতে নয়। এগুলো হাসপাতালের মেশিনের চেয়ে আলাদা। হাসপাতালের মেশিনগুলো কিন্তু এই মেশিনগুলোর থেকে আরও বেশি উন্নত।
🔔 প্রত্যেকের কনুইয়ের উপরে বাহুর আকার এবং আকৃতি আলাদা থাকে। মেশিন কেনার আগে নিশ্চিত করুন যে আপনি যেন ঠিকঠাক মাপের কাফ কেনেন, কাফ কতটা চওড়া তা দেখে নিন।
🔔 যদি কাফটি খুব ছোট, সরু বা খুব চওড়া হয়, তবে মেশিনটি ভুলভাল রিডিং দেবে, নয়তো বেশি নয়তো কম। বেশিরভাগ মেশিন রেগুলার সাইজের কাফের সঙ্গে আসে। আপনার যদি বিশেষ কাফের প্রয়োজন হয়, তবে আপনাকে আলাদাভাবে কিনতে হবে।
পুনশ্চ: আমাদের শরীরের ব্লাড প্রেশার প্রতি মুহূর্তে পরিবর্তন হতে থাকে। তাই একবারের সঙ্গে আরেকবারের রিডিং কেন মিলল না, সেই নিয়ে টেনশন করবেন না। ডাক্তার আপনার ডায়েরিতে লেখা প্রেশারের গড় রিপোর্ট দেখবেন।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice
Search tool: High Blood Pressure BP White Coat Hypertension Adrenaline Blood Pressure Reading Dialysis Fistula Blood Pressure Diary





